
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার গাজীপুর ৭ নম্বর ওয়ার্ডের (মধ্যম পাড়া) কাস্টম হাউসের সামনে গাজীপুর গ্রামে প্রবেশের কোনো রাস্তা না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় প্রভাবশালী কয়েকটি পরিবার নিজেদের জমির সীমানা ঘেঁষে ভবন ও প্রাচীর নির্মাণ করায় গ্রামের প্রবেশপথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে এ এলাকার কয়েক হাজার বাসিন্দা চরম দুর্ভোগে রয়েছেন। বাইক, রিকশা, প্রাইভেটকার কিংবা মাইক্রোবাস তো দূরের কথা, সাধারণভাবে হাঁটতেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
বর্তমানে গ্রামে প্রবেশের জন্য দুটি ভবনের মাঝখান দিয়ে একটি সংকীর্ণ গলি রয়েছে, যার নিচে নোংরা পানিভর্তি ড্রেন। এটি দিয়েই বাধ্য হয়ে চলাচল করতে হয় এলাকাবাসীকে। বহুবার এই গলিটি রাস্তা হিসেবে চালু করার দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মূল সড়ক থেকে মাত্র ৩০০ গজ দূরে এসেই চলাচলের পথটি বন্ধ হয়ে যায়।
এলাকাবাসী জানান, রাস্তার অভাবে তারা কোনো সামাজিক অনুষ্ঠানও ঠিকমতো আয়োজন করতে পারেন না। এছাড়া পরিবহন ব্যবস্থা না থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী মধু ও মহিউদ্দীন বলেন, “আমাদের ঘর থেকে বের হওয়ার কোনো সুব্যবস্থা নেই। প্রায় ২০০ পরিবারের যাতায়াতের একমাত্র পথ একটি সংকীর্ণ, নোংরা গলি। শুকনা মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষাকালে হাঁটুপানি জমে যায়, তখন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।”
এ বিষয়ে বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “এলাকাবাসীর চলাচলের জন্য কোনো ভালো রাস্তা নেই। রাস্তা না থাকায় পৌরসভাও উন্নয়নমূলক কোনো কাজ করতে পারছে না। এলাকাবাসীর জন্য একটি রাস্তা খুবই জরুরি।”
তাই গ্রামবাসী দ্রুত রাস্তা নির্মাণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।