
বেনাপোল (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে বেনাপোলসহ বিভিন্ন অঞ্চলের হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই)।
বেনাপোল রেলওয়ে স্টেশনে টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই টিকিট ফেরত দিয়ে টাকা নিচ্ছেন, আবার কেউ কেউ বিকল্প পথে যাত্রা করছেন।
ঢাকা যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা বেলায়েত হোসেন নামের এক যাত্রী বলেন, “ব্যবসার কাজে ঢাকা যাওয়ার জন্য ট্রেনে উঠতে চেয়েছিলাম। কিন্তু ট্রেন বন্ধ থাকায় এখন বাসে যেতে হবে। ট্রেনে গেলে দ্রুত পৌঁছানো যেত। বাসে গেলে সময় বেশি লাগবে, আর ভোগান্তিও বেশি হবে।”
ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে আসা আরেক যাত্রী, সুমাইয়া আক্তার বলেন, “ফরিদপুরে যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু ট্রেন বন্ধ থাকায় যেতে পারলাম না। বাসে যাওয়া অনেক ব্যয়সাপেক্ষ, আর রাস্তার অবস্থাও ভালো না। ট্রেন চালু হলে তখন যাব।”
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এসআই মনিরুজ্জামান জানান, “মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শার্শা, নাভারণ এবং ঝিকরগাছার যাত্রীরা।”
এদিকে, রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হলেও বেনাপোল থেকে কেউ সেই বাসে যাত্রা করেননি বলে জানা গেছে।
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, “রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের মতো রেলওয়ের পশ্চিম অঞ্চলেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হলেও তাতে যাত্রীরা যাচ্ছেন বলে আমাদের কাছে কোনো তথ্য নেই।”