
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকা থেকে চারটি পিকআপভর্তি ভারতীয় ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা জব্দ করেছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ হাজার টাকা।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে চিনাকান্দি সীমান্তের ছাতারকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে চিনাকান্দি বিওপির বিজিবি সদস্যরা।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।