
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কেএসডব্লিউএডি)- এর সভাপতি হয়েছেন মো. ইমন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আল আমিন। সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও আর্থিক সমস্যা সমাধানে সহায়তা করার প্রত্যয় নিয়ে ২০০১ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়।
১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন। এছাড়া সহ-সভাপতি হয়েছেন শামসুদ্দোহা শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ, প্রচার সম্পাদক সানজিদা সুলতানা, দপ্তর সম্পাদক শামসুদ্দোহা শাকিল। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব সোহেল, আব্দুল ওহাব, এবং তৌহিদ হোসাইন তুষার।
সভাপতি মো. ইমন মিয়া এবং সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, "কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কেএসডব্লিউএডি) উত্তরের সীমান্তঘেঁষা জনপদ কুড়িগ্রাম থেকে ঢাকায় পড়তে আসা সহস্র শিক্ষার্থীর আবেগ ও ভালোবাসার একটি মঞ্চ।"
তারা আরও জানান, "অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তিতে আর্থিক সহায়তা প্রদান, সহ-শিক্ষা কার্যক্রম আয়োজন, এবং বিভিন্ন দুর্যোগে কুড়িগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ ধারাবাহিকভাবে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আসছে কেএসডব্লিউএডি। আমাদের সংগঠন সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সমর্থন দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।"