
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স ইশা ফিলিং স্টেশনের ম্যানেজার স্বপন মিয়াকে (৩৫) মাপে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফিলিং স্টেশনটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
ইউএনও কাজী নাহিদ ইভা জানান, "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ধারা ২৯ এবং দণ্ড ৪৬(গ) অনুযায়ী এই জরিমানা করা হয়।"
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।