
স্টাফ রিপোর্টার: গাজীপুরে প্রাণ-আরএফএল ডিপো থেকে মাইক্রোবাসে ৫৫ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রহণ করেছে গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রোপলিটন থানা।
সোমবার সন্ধ্যায় জয়দেবপুর ও গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রোপলিটন থানা এলাকার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির চালক ও এক কর্মকর্তাকে মারধর করে গুরুতর আহত করে সড়কের পাশে ফেলে রেখে যায়।
মামলা গ্রহণ নিয়ে দুই থানার মধ্যে সীমান্ত জটিলতা দেখা দিলেও ঘটনাস্থল নির্ধারণের পর সদর মেট্রোপলিটন থানা মামলা গ্রহণ করে।
এ বিষয়ে সদর মেট্রোপলিটন থানার ওসি আরিফুল ইসলাম জানান, প্রাণ-আরএফএল কোম্পানির পক্ষ থেকে সেন্ট্রাল প্রোডাকশন অফিসার সাজু আহমেদ একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং সার্ভেয়ারের মাধ্যমে সীমান্ত চিহ্নিত করে দেখা যায় ঘটনাস্থলটি সদর মেট্রো থানার আওতাধীন।
তিনি আরও বলেন, "ভুক্তভোগীদের দেওয়া তথ্য এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গুরুতর আহত গাড়িচালক মজিবর রহমান এবং কর্মকর্তা হেলাল উদ্দিন বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করলেও এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে থানা-পুলিশের মধ্যে প্রাথমিক জটিলতায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবি, এ ধরনের ছিনতাই রোধে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত।