
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী সীমান্ত দিয়ে চোরাইপথে আনা সাতটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। সোমবার (৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে বাগানবাড়ী বিওপি। আটক গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত দিয়ে সাতটি ভারতীয় গরু আনার খবর পায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান শেষে সাতটি ভারতীয় গরু জব্দ করে বাগানবাড়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, আটক গরুগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, "বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময়ই শক্ত অবস্থানে রয়েছে।"