
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাইন উদ্দিনের নির্মাণাধীন ও পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম খলিলুল্লাহ কুশিউড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে ইব্রাহিম খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন এবং সেদিনই এলাকাজুড়ে মাইকিং করা হয়। পরে রোববার দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
সোমবার সকালে স্থানীয় শিশুরা পরিত্যক্ত ঘরের উঠোনে খেলার সময় একটি বল খুঁজতে গিয়ে ঘরের ভেতর ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা সেখানে জড়ো হন এবং বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।