
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক রাজনৈতিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে গোবিন্দপুর চৌরাস্তার সংগঠনের কার্যালয়ে এ শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আলাল মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শেখর রায়। এসময় জেলা কমিটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচনায় শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা নির্ধারণ, পাটকল ও চিনিকলসহ বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় কলকারখানা পুনরায় চালু করা, বিনামূল্যে চিকিৎসা সহায়তা, রেশনিং ব্যবস্থা চালু করা এবং ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ শ্রমিক পরিবারের আর্থিক সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরা হয়।
এছাড়াও আন্দোলনে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা, অটোরিকশা শ্রমিকদের লাইসেন্স প্রদান, পুলিশি হয়রানি বন্ধ, এবং বটতলার অটোরিকশা স্ট্যান্ড নির্ধারণসহ বিভিন্ন দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
শিক্ষা শিবিরে শ্রমিকদের স্বার্থে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয় এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।