
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানের সময় চোরাকারবারিরা হামলা চালিয়েছে। গত ২ ডিসেম্বর (সোমবার) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিজিবির প্রেস ব্রিফিং থেকে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপার নামক স্থানে বিজিবির একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৩,২২০ কেজি বাংলাদেশি রসুন আটক করে।
আটক করা মালামাল নিয়ে ফেরার সময় ২০০-২৫০ জন চোরাকারবারি লাঠিসোঁটা, রাম দা, বল্লম এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলকে বাধা দেয়। এ সময় চোরাকারবারিদের বাঁশের লাঠির আঘাতে দুইজন বিজিবি সদস্য আহত হন। তবে বিজিবির দৃঢ় অবস্থানের কারণে চোরাকারবারিরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়।
পরে চোরাকারবারিরা সোর্স সন্দেহে স্থানীয় মেম্বার মো. আল আমিনের বাড়িতে হামলা চালায়। মেম্বারের অভিযোগের ভিত্তিতে দোয়ারাবাজার থানা থেকে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে যায় এবং স্থানীয় জনসাধারণ ও বিজিবির সহায়তায় চোরাকারবারি মো. দেলোয়ার হোসেন এবং মো. মোবারক হোসেনকে গ্রেফতার করে।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সম্পূর্ণরূপে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।” তিনি স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বিজিবির কাজে সহায়তা করার আহ্বান জানান।