
এম এ আলিম রিপন, পাবনা: "বাংলাদেশ জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সুজানগর শ্রমিক দলের আয়োজনে বের হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের বিশ্বাস কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর পৌর শাখার সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মাজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহজাহান আলী শেখ, বাঁশি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শ্রমিক দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে। বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিভিন্নভাবে জেল, জুলুম ও অত্যাচার করেছে। তবুও শ্রমিক দলকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার সরকারকে পতন ঘটানো সম্ভব হয়েছে। ছাত্রলীগ তাদের কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ হয়েছে। দেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে শেখ হাসিনা সরকার। তাদেরও রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে, তবেই সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে পাবে।