
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালি ইউনিয়নের একটি গ্রামে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার মূল্যের ২৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
রবিবার (১০ নভেম্বর) রাত ৪টার দিকে এই অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ ইনামুল হোসেন (২০), পিতা- মোঃ জামাল হোসেন, মাতা- মোছাঃ নাছিমা খাতুন এবং মোঃ শামীম মোড়ল (২৭), পিতা- মোঃ নাজিম উদ্দিন, মাতা- মোছাঃ নাসিমা খাতুন। উভয়ের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালি পশ্চিমপাড়া গ্রামে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালি ইউনিয়নের জনৈক মোঃ নাসিরের আমবাগানের পূর্ব পাশে ধইঞ্চা ক্ষেতে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের দেখানো ও নির্দেশনায় ধইঞ্চা খেতের পানির মধ্যে লুকানো অবস্থায় ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮,১০,০০০ টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসের সুবিধা নিয়ে তারা ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।