
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ছেলেকে না পেয়ে বাবা আলী রসুল (৫০) নামে এক জামায়াতে ইসলামী কর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আলী রসুলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আলী রসুল ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে। একটি বিক্ষোভ মিছিল শিওরদাহ বাজার প্রদক্ষিণ করে এবং সেখানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জামায়াত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর ওয়ার্ডে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতা-কর্মীরা নিজ নিজ বাড়ি ফিরে গেলে, ওই এলাকার আজিত, ইকরাম, আতাউর, আল আমীন, মুন্না, আজগার, বিল্লাল ও কিতাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী জামায়াত কর্মী আব্দুল্লাহর বাড়িতে হামলা চালায়। তারা আব্দুল্লাহকে না পেয়ে তার পিতা আলী রসুলকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে ওই ইউনিয়নে জামায়াতের কোনো মিটিং করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে চলে যায়। স্থানীয়রা আলী রসুলকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, জামায়াতের সাধারণ সভা শেষে সবাই বাড়ি চলে গিয়েছিল। এরপর আওয়ামী লীগের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা ওই সন্ত্রাসীরা বিএনপির সাথে যোগ দিয়ে এ হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস বলেন, বিষয়টি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।